সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

১০ম গ্রেড বাস্তবায়নে মেডিকেল টেকনোলজিস্টদের ২ ঘণ্টার কর্মবিরতি

মো: মামুনুর রশিদ

নভেম্বর ৩০, ২০২৫, ০১:৪৪ পিএম

১০ম গ্রেড বাস্তবায়নে মেডিকেল টেকনোলজিস্টদের ২ ঘণ্টার কর্মবিরতি

ছবি-দিনাজপুর টিভি

বেতন বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতি পালন করেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য।

কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত হচ্ছেন।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবি না মানে, তাহলে ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালন করা হবে।

এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়ক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর চৌধুরী, মোস্তফা হাবিব, আতিকুর রহমান, ইউনুছ আলী, ফার্মাসিস্ট আলমগীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) জাহিদুল ইসলাম, শাহীন সাদিকুল ফরহাদ সহ অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।