মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ৬, ২০২৫, ১১:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বৈরী যুগে সন্তান প্রতিপালন: কিছু কৌশল"—এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে "আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ" কর্তৃক এক গুরুত্বপূর্ণ প্যারেন্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেছেন, এই বৈরী যুগে সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করতে হলে পিতা-মাতাকে অবশ্যই নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে।
বক্তারা আরও বলেন, সন্তানকে মানুষ তথা সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে শুধু মায়েরাই নয়, পিতা-মাতা উভয়কেই সমান ভূমিকা রাখতে হবে।
৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় দিনাজপুর কবি কাজী কাদের নেওয়াজ অডিটোরিয়ামে (জিলা স্কুল অডিটোরিয়াম) এই সেমিনার অনুষ্ঠিত হয়।নৈতিকতা ও প্রতিষ্ঠানের ভূমিকা:বক্তারা জোর দিয়ে বলেন, প্রতিষ্ঠানের শুধু গুণগত মান থাকলেই হবে না, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।
নৈতিক শিক্ষার অভাব থাকলে সেই প্রতিষ্ঠান থেকে কোনো ভালো মানুষ গড়ে উঠতে পারে না। বক্তারা আশা প্রকাশ করেন, "আমাদের পাঠশালা" যদি তাদের মূল শ্লোগান 'এ স্কুল অব কোয়ালিটি এন্ড মোরালিটি' হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানের হাত ধরে একেকটি শিক্ষার্থী একজন সোনার মানুষে পরিণত হবে।উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি টুয়েন্টি ওয়ান-এর চেয়ারম্যান, যুক্তরাজ্যের বিশেষায়িত মানসিক হাসপাতালের সাবেক উপ-পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক, অর্ধশতাধিক গ্রন্থ প্রণেতা জিয়াউল হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক, চারুকলা অনুষদের চেয়ারম্যান, বিশিষ্ট কথা সাহিত্যিক ও লেখক ড. কামরুল হাসান।প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস বগুড়ার সাবেক পরিচালক ও পুন্ড্র ইউনিভার্সিটির সাবেক ট্রাস্টি মো. আযিযুল হক এবং দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম। সেমিনারে বিদ্যালয়ের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রাহিনুর ইসলাম সিদ্দিকী।অনুষ্ঠানে দিনাজপুরসহ আশেপাশের জেলাসমূহ থেকে তিন শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।