বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা সংকট নিয়ে দিনাজপুরে আলোচনা

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:০৯ পিএম

আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা সংকট নিয়ে দিনাজপুরে আলোচনা

ছবি-দিনাজপুর টিভি

আজ রোববার (১৪ ডিসেম্বর) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ‘আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা সংকট: বর্তমান ও আগামী’র পথ নির্দেশ” শীর্ষক আলোচনা সভা এবং সাঁওতাল বিদ্রোহ উপলক্ষ্যে প্রকাশিত গ্রন্থ ‘মাদল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিশিষ্ট আদিবাসী নেতা হিংগু মুরমু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ‘মাদল’ গ্রন্থের সম্পাদক ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি রক্ষায় কার্যকরী আইন প্রয়োগ, নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা এখন সময়ের দাবি।

বক্তারা পূর্বে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, নওগাঁর আলফ্রেড সরেন, দিনাজপুর নবাবগঞ্জের ডুডু সরেন ও তার পিতা সহ গাইবান্ধা জেলার বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও রাষ্ট্র হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে পারেনি। বক্তারা অবিলম্বে এদের বিচারের জোর দাবি জানান। সেই সাথে ভূমি অধিকার পুনরুদ্ধার ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার রক্ষায় জাতীয় সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চতুর্থ সংখ্যা ‘মাদল’ গ্রন্থটি শুধু আদিবাসীদের একটি গ্রন্থ নয়, আদিবাসীদের জীবন-যাত্রার মান ও অধিকার সংরক্ষণের একটি দলিল। যা আগামী প্রজন্ম সন্তানদের আদিবাসীদের অধিকার সম্পর্কে ভূমিকা রাখবে।

সভায় সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন গ্রাম বিকাশ কেন্দ্রের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবেস্তিয়ান টুডু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুরের পরিচালক মানিক সরেন, অ্যাডভোকেট রিচার্ড মুর্মু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কারিতাস বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি বাদন মুরমু, ও সাংবাদিক-গবেষক আজহারুল আজাদ জুয়েল।সভা শেষে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের দিনাজপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে লুকাস সরেন সভাপতি ও হারুন এক্কা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।