সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

মোঃ আব্দুর রাজ্জাক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:০৫ পিএম

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিনী বর্মন (৩৫) এবং তার স্ত্রী ইতি বর্মন (৩০) নামে এক দম্পতি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত তারিনী বর্মন উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে।

দুর্ঘটনার বিবরণ: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তারিনী বর্মন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন।

পথে বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিনী বর্মন প্রাণ হারান।

চিকিৎসা ও মৃত্যু: দুর্ঘটনায় ইতি বর্মন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (ডিমেক) প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাতিজা বিপুল বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।