মো. ফরহাদ হোসেন
ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:০৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দারুল উম্মাহ একাডেমির উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী (বালাডাঙ্গী) বাজার সংলগ্ন একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্বারীয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরী।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা গঠন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুফ্তী আসাদুল্লাহ সাইফী এবং দারুল উম্মাহ একাডেমির পরিচালক মাওলানা হারুন-অর-রশিদ।
বক্তারা বলেন, ধর্মীয় সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ অপরিহার্য। সমাবেশে একাডেমির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।