মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৫৭ পিএম

দিনাজপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এর আগে জেলা প্রশাসক চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় ময়দানস্থ মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ এবং ঢাকা প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শেফালী খাতুন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিসিকের হাত ধরে দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। বেসরকারি উদ্যোগে নতুন শিল্প গড়ে ওঠার ফলে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে বিসিকের এমন কার্যক্রম প্রশংসনীয়।

মেলায় প্রায় ১০০টি স্টলে নতুন ও পুরাতন উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন। উদ্বোধনী দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন এবং নাসিব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান।