বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে সানলাইট স্কুলের অভিভাবক সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:৪৪ পিএম

চিরিরবন্দরে সানলাইট স্কুলের অভিভাবক সমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে সানলাইট স্কুল ও এসআরএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার রানীরবন্দর সানলাইট স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মান্নান সরকার বলেন আমাদের তরুণ প্রজন্ম হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ।

এই স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকেরা যদি সঠিক দিকনির্দেশনা দেন, তবেই শিক্ষার্থীরা আগুনে পোড়ানো সোনার মতো খাঁটি মানুষ হয়ে গড়ে উঠবে। তিনি শিক্ষকদের মেরুদণ্ড সোজা রেখে আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

সানলাইট স্কুল ও এসআরএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীর মান্নান শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী, রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন নান্নু এবং ডা. শাহ মো. জহুরুল হক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এস এম মোখলেসুর রহমান রঞ্জু, সহ-সভাপতি প্রফেসর মো. আমিনুল হক শাহ, অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন দুলাল এবং সানলাইট স্কুলের অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন এসআরএস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবিএম সামসুল বারী।অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা স্মারক এবং ‘গর্বিত পিতাদের’ বিশেষ সম্মাননা প্রদান করেন। সবশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।