মো. আরিফ ইসলাম
ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৫৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও স্যানিটেশন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বীরগঞ্জ পৌরশহরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুমা খাতুন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও স্যানিটেশন ব্যবস্থার ত্রুটি থাকায় ৩টি হোটেল মালিককে মোট ২ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।
এছাড়া জনসম্মুখে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করে আইন লঙ্ঘন করায় একটি পান দোকানকে ১০০ টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা না করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম এবং বীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।