সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে দেশনেত্রীর মাগফিরাত কামনায় বিএনপির বিশেষ মোনাজাত

মোঃ আব্দুর রাজ্জাক

জানুয়ারি ৩, ২০২৬, ১০:৩২ এএম

দিনাজপুরে দেশনেত্রীর মাগফিরাত কামনায় বিএনপির বিশেষ মোনাজাত

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিল করেছে দিনাজপুর জেলা বিএনপি। শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

এছাড়াও জেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মোনাজাতে অংশ নেন।মোনাজাত পরিচালনা করেন মুফতি আশফাক হোসেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আজীবন সংগ্রাম এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, আখতারুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী (বাবু চৌধুরী), পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে জেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবুজার সেতুসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে দেশব্যাপী গভীর শোকের ছায়া নেমে এসেছে।