মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৪, ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলায় সড়কের পাশের খাদ থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ী ভ্যানতাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধার ও পরিচয়: নিহত মোকারম হোসেন (৪০) ধর্মপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে কোনো এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ভ্যানসহ রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যান। রবিবার সকালে স্থানীয়রা তাঁর ভাসমান লাশ দেখে পরিবারকে খবর দিলে স্বজনরা লাশটি বাড়িতে নিয়ে যান।
পুলিশের সাথে ধস্তাধস্তি: খবর পেয়ে বিরল থানা পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নিতে চাইলে বাধার মুখে পড়ে। নিহতের পরিবার ও স্থানীয়রা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইলে পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ: খবর পেয়ে ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের শান্ত করেন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পিতা-মাতা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
বিরল থানার ওসি মো. আল এমরান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।