জানুয়ারি ৫, ২০২৬, ০১:৪৭ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলাবাসীর বিনোদন ও শিশুদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ‘মিনি শিশু পার্ক’ ও ‘ওয়াকওয়ে’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এই বিনোদন কেন্দ্রটির উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, সুস্থ সমাজ গঠনে বিনোদন ও ব্যায়ামের কোনো বিকল্প নেই। এই মিনি পার্কটি যেমন শিশুদের নির্মল বিনোদনের জায়গা হবে, তেমনি নবনির্মিত ওয়াকওয়েটি সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা ও বৈকালিক ভ্রমণের জন্য চমৎকার একটি পরিবেশ নিশ্চিত করবে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক নবনির্মিত পার্ক ও ওয়াকওয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর স্থায়িত্ব রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা পরিষদ চত্বরের এই নতুন সংযোজন এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন