মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৫, ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের হাড়কাঁপানো শীত ও কনকনে হিমেল বাতাসে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থা’। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে একযোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তফা কামাল মিলন প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, প্রচণ্ড শীতে অসহায় মানুষ খড়কুটো জ্বালিয়ে বাঁচার চেষ্টা করছে। এই সংকটকালে কেবল সরকার নয়, সমাজের বিত্তবান ও সকল অরাজনৈতিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে।
প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. নাঈম ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন শাহিন পারভেজ, আতিকুর রহমান শিমুল, ফৌজিয়া আরফিন এবং ইউপি চেয়ারম্যান তাজউদ্দিন হোসেন শাহ।
বক্তারা জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রকৃত দুঃস্থদের তালিকা করে এই কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে। সংগঠনের সহ-সভাপতি মো. রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরশাদ রহমান আবির, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আখতার এবং সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্য সদস্যরা এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।