মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৫, ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর পৌর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় পৌর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটোচালকদের হাতে ডিজিটাল নম্বর প্লেট তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন।
এ সময় তিনি বলেন সড়কে চলাচলের সময় কেবল প্রতিযোগিতা করলে চলবে না, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
ডিজিটাল নম্বর প্লেট ব্যবহারের মাধ্যমে যানবাহনের সঠিক পরিসংখ্যান যেমন মিলবে, তেমনি সড়কের বিশৃঙ্খলা ও অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে আসবে।দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসলাম খান এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন। এছাড়াও পৌর নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের প্রতিনিধি এবং অটোবাইক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই ডিজিটাল রেজিস্ট্রেশনের ফলে প্রতিটি অটোরিকশার তথ্য ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এতে করে কোনো দুর্ঘটনা বা অপরাধমূলক কাজ ঘটলে দ্রুত যানটি শনাক্ত করা সম্ভব হবে। আধুনিক এই পদক্ষেপের ফলে দিনাজপুর শহরের যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।