বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সরকারী শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ৬, ২০২৬, ০২:৩৩ পিএম

দিনাজপুর সরকারী শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, সঠিক যত্ন ও পরিচর্যা পেলে এতিম শিশুরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে (সরকারি শিশু পরিবার) সারা দেশের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে দিনাজপুর রাজবাটীস্থ সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে আয়োজিত অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পাল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম।সভাপতির বক্তব্যে মো. আব্দুল মতিন বলেন, জেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়ন হচ্ছে।

শিক্ষার্থীরা এখন পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এতিম শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষক ফামিদা খাতুন।