জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৬ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আমরা’ সংস্থার উদ্যোগে অসহায় ও প্রবীণ শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ৭ জানুয়ারি বিকেলে শহরের ফকিরপাড়া কালুর মোড় সংলগ্ন এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
‘আমরা’ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আল মামুন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। বক্তারা বলেন এবারের প্রচণ্ড শীতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিশেষ করে প্রবীণদের কষ্ট লাঘবে ‘আমরা’ সংগঠনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।সভাপতির বক্তব্যে আল মামুন বিপ্লব বলেন প্রতিবছরই এই এলাকার দুস্থ মানুষের শীত নিবারণে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অসহায় মানুষদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
এই অবহেলিত মানুষের পরিচর্যা করা আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আলতাফ উদ্দিন আহমেদ এবং অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. রাশেদুল ইসলাম মানিকসহ স্থানীয় সমাজসেবকরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন