বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার স্মরণে দিনাজপুরে চিকিৎসক ও ক্লিনিক মালিকদের প্রার্থনা

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ৭, ২০২৬, ১০:২৮ পিএম

খালেদা জিয়ার স্মরণে দিনাজপুরে চিকিৎসক ও ক্লিনিক মালিকদের প্রার্থনা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের গর্ব ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ জানুয়ারি বিকেলে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল কনফারেন্স রুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মালিক সমিতির সভাপতি ডা. মমতাজ বেগম পলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ-এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং দিনাজপুরের সুযোগ্য কন্যা। তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অনুষ্ঠানে উপদেষ্টা আবু তাহের আবু দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহ: শরীফ এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের ডা. জিয়াউল হক জিয়া বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালিক সমিতির সহ-সভাপতি মো. আনোয়ারুল কবির গোলাম রসুল রকেট এবং সৈয়দ শফিকুর রহমান পিন্টু। এছাড়াও জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা ও মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মোনাজাতে অংশ নেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।