বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় দিনাজপুরে ৭ম জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

মো: ফরহাদ হোসেন

জানুয়ারি ১১, ২০২৬, ০৬:২৭ পিএম

ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় দিনাজপুরে ৭ম জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘৭ম দিনাজপুর জেলা কাব ক্যাম্পুরী–২০২৬’। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে চার দিনব্যাপী এই বৃহৎ মিলনমেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কাউট আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, কাব স্কাউট কার্যক্রম শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ তৈরি করে।

শৈশবের এই শিক্ষা তাদের ভবিষ্যতে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজকরা জানান, এবারের ক্যাম্পুরীতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৭৪টি ইউনিটের ৫১৮ জন খুদে কাব স্কাউট অংশগ্রহণ করছে। স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ সব মিলিয়ে প্রায় ৭০০ জনের এই মিলনমেলায় রঙিন তাবু, ব্যাজ ও পতাকায় সেজেছে পুরো মাঠ।

চার দিনব্যাপী এই কর্মসূচিতে শিবির জীবন, দলগত খেলা, কাব স্কিল প্রদর্শনী ও আকর্ষণীয় ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, জেলা স্কাউট সম্পাদক আকরাম হোসেন এবং জেলা কাব লিডার মোহিদুল ইসলাম। ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পুরী কার্যক্রম।