মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৩, ২০২৬, ০২:৪০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্ত, প্রতিবন্ধী এবং অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের স্টেশন রোডস্থ সংস্থার কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মহশিনুল কালাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মোঃ তারেক ইবনে নাসিম ও সিদ্দিকুর রহমান।সভাপতির বক্তব্যে সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও মেশিন প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।
বর্তমানে এই তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা মনে করি, সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে সংস্থার দর্জি প্রশিক্ষক রুখশানা বেগম, অফিস সহকারী মোঃ শাহজাহান আলীসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শতাধিক নারী-পুরুষ ও প্রতিবন্ধীর হাতে কম্বল তুলে দেন।