মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৪, ২০২৬, ০২:১৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরশহরের অলি-গলিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান। সরকারি দায়িত্বের বাইরেও মানবিক তাড়নায় তিনি রাতের আঁধারে রেলস্টেশন, ফুটপাত ও এতিমখানায় গিয়ে ছিন্নমূল মানুষের হাতে তুলে দিচ্ছেন উষ্ণ কম্বল।
বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে সেতাবগঞ্জ পৌরশহরের রেলস্টেশনে শুয়ে থাকা ভবঘুরে, নিরাপত্তা প্রহরী এবং বিভিন্ন এতিমখানায় গিয়ে ইউএনও নিজ হাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তৌহিদুল ইসলাম।উপকারভোগীরা জানান, হাড়কাঁপানো এই ঠান্ডায় যখন ঘর থেকে বের হওয়া দায়, তখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন সহমর্মিতা তাঁদের অভিভূত করেছে।
রেলস্টেশনের এক ছিন্নমূল বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে বলেন, এই রাইতে আমাগো কথা কেউ মনে রাখে নাই, বড় সাব নিজে আইসা গায়ে কম্বল দিয়া গেল, আল্লাহ তাঁর ভালো করুক।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান বলেন, "তীব্র শীতে নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে আছেন।
প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাঁদের কিছুটা হলেও উষ্ণতা দেবে। আমাদের এই কার্যক্রম উপজেলার প্রতিটি প্রান্তে অব্যাহত থাকবে।উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আচরণবিধির কারণে এবার রাজনৈতিক দলগুলোর ত্রাণ তৎপরতা সীমিত থাকায় প্রশাসনের এই উদ্যোগ বোচাগঞ্জের সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।