রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে নবরূপীর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন সম্পন্ন

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:০৯ পিএম

দিনাজপুরে নবরূপীর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন সম্পন্ন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘নবরূপী’র ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিরল উপজেলার এলজিইডি ইকো পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।

“আমরা থাকবো-আমরা আছি” শিরোনামে সংগঠনের থিম সং পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ। সভায় বক্তারা বলেন, “সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই মানবতার বিজয় নিশ্চিত করা সম্ভব। 

একমাত্র সুস্থ সংস্কৃতিই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, নাট্যজন কাজী বোরহানের কন্যা বর্ণা আহমেদ, এবং দিনাজপুর চেম্বারের পরিচালক মো. শামীম কবিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং নবরূপীর নিজস্ব শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপকমিটির আহ্বায়ক বিলকিস জান্নাত ও সদস্য সচিব মো. রাকিব হাসান রানা। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সঙ্গীত সম্পাদক ফরহাদ আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্য সম্পাদক মো. শামীম রাজা।