রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৬, ১১:৪৯ পিএম

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লার টিউব ফেটে যাওয়ায় এ অচলাবস্থা তৈরি হয়। বর্তমানে কেন্দ্রের তিনটি ইউনিটের একটি থেকেও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

কেন্দ্র সূত্র জানায়, ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটি গত ১ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই অচল হয়ে পড়ে আছে। 

সবশেষ গত ৩০ ডিসেম্বর ১ নম্বর ইউনিটটি বন্ধ হওয়ার পর ১৪ জানুয়ারি পুনরায় চালু হয়েছিল। কিন্তু চালুর মাত্র ৪ দিনের মাথায় রবিবার সকালে বড় ধরনের ত্রুটির কারণে এটিও বন্ধ হয়ে গেল।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব পুরোপুরি ফেটে গেছে। বর্তমানে বয়লারের তাপমাত্রা প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস। এটি ঠান্ডা হলে মেরামত কাজ শুরু হবে। তবে পুরোনো এই ইউনিটটি পুনরায় কবে উৎপাদনে ফিরবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এতে দীর্ঘ সময় লাগতে পারে।

তিনি আরও জানান, ৩ নম্বর ইউনিটের যন্ত্রাংশ চীন থেকে আসার কথা রয়েছে, যা পেলে আগামী মার্চ নাগাদ সেটি চালু হতে পারে। অন্যদিকে, ২ নম্বর ইউনিটের যন্ত্রাংশ আমদানিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান দাম বাড়ার অজুহাতে দেরি করছে। তিনটি ইউনিটই একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।