বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০৯:১৬ পিএম

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

উৎপাদনে বড়পুকুরিয়া

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রায় ৬ মাস ২০ দিন বন্ধ থাকার পর বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে এই ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে এই ইউনিট থেকে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

কয়লাভিত্তিক এই কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। ধীরে ধীরে উৎপাদনের মাত্রা বাড়িয়ে বৃহস্পতিবার সকাল থেকে ১৫০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। 

পর্যায়ক্রমে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক প্রায় দুই হাজার থেকে দুই হাজার ৫০০ টন কয়লা প্রয়োজন পড়বে।প্রথম ইউনিটটিও এখন উৎপাদনে রয়েছে।

এটি চালু রাখতে দৈনিক ৭০০ থেকে ৮০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে। এখন দুটি ইউনিট চালু থাকায় উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ অনেকটা কমে আসবে বলে প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই ৩ নম্বর ইউনিটের উৎপাদন দীর্ঘ সময় বন্ধ ছিল। চীনা হারবিন কোম্পানি ইউনিটটির প্রয়োজনীয় মেরামত কাজ সফলভাবে শেষ করেছে।