বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টর বন্ধে অনড় প্রশাসন

এনামুল মবিন(সবুজ)

জানুয়ারি ২০, ২০২৬, ১২:২৮ পিএম

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টর বন্ধে অনড় প্রশাসন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক ও পরিবহন আইন ভঙ্গের অভিযোগে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। গত চার দিনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮টি ট্রাক্টরকে মোট ১ লক্ষ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালেও চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দুটি ট্রাক্টরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি চিরিরবন্দরের বিন্যাকুড়ী বাজার এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ২ জন এসএসসি পরীক্ষার্থী নিহত ও ৫ জন আহত হওয়ার পর এলাকাবাসী ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দিনের বেলা ট্রাক্টর চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। সেই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধেই এখন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ জানান, “নিরাপদ সড়কের স্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিনের বেলা অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।” প্রশাসনের এই কঠোর অবস্থানে জনমনে স্বস্তি ফিরলেও অবৈধভাবে মাটি ও ইট পরিবহনকারী সিন্ডিকেটের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।