মো:মামুনুর রশিদ
জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নির্বাচনকালীন সাংবাদিকতায় সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অধ্যাপক মোঃ সাদাকাত আলী খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে জনমনে আস্থা তৈরি করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। সাংবাদিক জিএম হিরু’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান। এই প্রশিক্ষণ আগামীকাল ১ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।