বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:০৩ পিএম

দিনাজপুরে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

ছবি-দিনাজপুর টিভি

গণতন্ত্রের পথকে মসৃণ রাখতে এবং নির্বাচনকালীন সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্ধশতাধিক সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী। 

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ইউনেসকো’র প্রতিনিধি শাকিল এম ফায়সাল এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এবং ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মী নীতিমালা ২০২৫’ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি ও প্রযুক্তিগত বিষয়ে বিস্তারিত সেশন পরিচালিত হয়। বিশেষ করে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার, গুজব, প্রোপাগান্ডা ও অপতথ্য মোকাবিলার কৌশল এবং নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ সাদেক আলী বলেন, “একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন অত্যন্ত জরুরি। নির্বাচনি আইন ও আচরণবিধি মেনে সাংবাদিকতা করলে সমাজে স্বচ্ছতা ফিরে আসে।” পিআইবি’র উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জনেরও বেশি সংবাদকর্মী অংশগ্রহণ করেন।