মো:মামুনুর রশিদ
ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর সদর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা করেছে দিনাজপুর পৌর বিএনপি।আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সদর–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে কোতোয়ালি থানা মোড়, মালদাহ পট্টি, নিমতলা, ভুট্টি বাবু মোড় এবং লিলির মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "জনগণ তাদের অধিকার ফিরে পেতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে সদর–৩ আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়ে আমরা মানুষের সেবা নিশ্চিত করব।"
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ কচি, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ভারপ্রাপ্ত ছাত্রদলের সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার রহমান সেতু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।