মো:মামুনুর রশিদ
ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিশেষ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সারা দেশের ন্যায় দিনাজপুর থেকেও ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেন, "নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না। প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।অনুষ্ঠান শেষে দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
তিনি বলেন, "নির্বাচনী ডিউটি চলাকালে কোনো সদস্য প্রার্থী কিংবা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কোনো ধরনের উপহার বা ‘বকশিশ’ গ্রহণ করতে পারবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তা কেন্দ্রে উপস্থিত হলেও ব্যক্তিগত কোনো আপ্যায়ন—যেমন পানি বহন বা খাবার পরিবেশন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।জেলা কমান্ড্যান্ট স্পষ্ট করে বলেন, "আনসার সদস্যদের মূল দায়িত্ব হলো ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং প্রিজাইডিং অফিসারের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা। আপনাদের কাজ ব্যালট বাক্সের নিরাপত্তা দেওয়া; ঘর পরিষ্কার করা বা টেবিল গোছানো নয়।
প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে হলেও ব্যালট বাক্স রক্ষা করতে হবে।সমাবেশে জানানো হয়, সরকার ও জনগণের আস্থা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। বাহিনীর মহাপরিচালক ও রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী একটি অভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তুলতে কাজ করছে এই বাহিনী।