সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে উৎসবমুখর পরিবেশ, প্রস্তুত হচ্ছে বিশাল মঞ্চ

ফাহিম হোসেন রিজু

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:৫৯ পিএম

তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে উৎসবমুখর পরিবেশ, প্রস্তুত হচ্ছে বিশাল মঞ্চ

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের আগামীকাল শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর সফরকে কেন্দ্র করে পুরো উত্তর জনপদে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিরামপুর সরকারি কলেজ মাঠে তাঁর জনসভাকে সামনে রেখে ইতোমধ্যে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তারেক রহমানের এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। যাতায়াত ও শৃঙ্খলার জন্য প্রতিটি ইউনিয়নে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের সফরের মূল আকর্ষণ হচ্ছে বিরামপুর সরকারি কলেজ মাঠের ঐতিহাসিক গুরুত্ব এবং ‘জেলা’ ঘোষণার অমীমাংসিত দাবি।

মাঠের ঐতিহাসিক প্রেক্ষাপট:

১৯৭৯ সাল: তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে জনসভা থেকেই বিরামপুরকে ‘থানা’ হিসেবে ঘোষণা করেন।

২০১২ সাল: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একই মাঠে জনসভায় এসে বিরামপুরকে ‘জেলা’ হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দীর্ঘ এক যুগ পর একই মাঠে তারেক রহমানের আগমনে বিরামপুরবাসী আবারও আশায় বুক বাঁধছেন। স্থানীয় নেতারা জানান, এই জনসভা থেকে বিরামপুরকে জেলায় রূপান্তরসহ এলাকার স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে বিশেষ দাবি তুলে ধরা হবে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বিরামপুর। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার কর্মী শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন। বিরামপুর সরকারি কলেজ মাঠ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।