মো:মামুনুর রশিদ
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
“ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬’ পালিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রকুনুজ্জামান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম এবং রাজবাটী সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান।
শুভেচ্ছা বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর দিনাজপুর এপি অফিসার প্যাট্রিক রুরাম বলেন, “ওয়ার্ল্ড ভিশন মূলত শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করে। আমরা বিশ্বাস করি বৈষম্য নয়, বরং ইশারা ভাষার মতো মাধ্যমগুলোকে গুরুত্ব দিলে একটি সমতার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উপজেলা সমাজসেবা অফিসার মো. গোলাম আজমের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন সিডিডির প্রকল্প অফিসার শৈলেন চন্দ্র রায়, দিনাজপুর বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনিন আক্তার, সিডিএ-র রিসোর্স পারসন অনামিকা পাণ্ডে এবং অভিভাবক সীমা বেগম। বক্তারা বলেন, ইশারা ভাষা ব্যবহারকারীদের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটি কোনো দুর্বলতা নয়, বরং একটি শৈল্পিক মাধ্যম যা বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মানবাধিকার রক্ষা করে। পুরো অনুষ্ঠানটি ইশারা ভাষার মাধ্যমে উপস্থাপন করেন রাবেয়া বেগম।