ফাহিম হোসেন রিজু
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৫৪ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (৪০) নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। আহত চালক আমিনুল ইসলামের (৪২) অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে দিনাজপুরগামী লেনের পাশে একটি মালবোঝাই ট্রাক নষ্ট চাকা মেরামতের জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও সহকারী ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও কুয়াশার কারণে অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও কাভার্ড ভ্যান দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"