ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:০৭ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসবের আয়োজন করা হয়। বসন্তের আগমনী বার্তায় ক্যাম্পাসজুড়ে নতুনের আনন্দ, পলাশ-শিমুলের রঙ আর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নাচ, গান, হাসি আর আড্ডায় তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ।
সকাল সাড়ে ৯টায় রঙিন পোশাকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হতে শুরু করে। হলুদ, লাল ও কমলা রঙের শাড়ি-পাঞ্জাবিতে শিক্ষার্থীদের সাজে প্রাণচঞ্চল হয়ে ওঠে কলেজের চারপাশ।
সকাল ১০টায় একটি আনন্দ র্যালি বের করা হয়, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল মঞ্চে এসে শেষ হয়। দিনব্যাপী অনুষ্ঠানে পরিবেশিত হয় বসন্তের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য। শিক্ষার্থীদের এই প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উৎসবের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের এক পাশে সারিবদ্ধভাবে নানা রকম মজাদার পিঠার পসরা সাজানো হয়। নারী উদ্যোক্তাদের তৈরি কেক, শোপিস ও কাপড়সহ বিভিন্ন সাজসজ্জার পণ্য নিয়ে বেশ কয়েকটি স্টল মেলায় স্থান পায়। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী সঞ্চিতা রায় বলেন, বসন্ত মানেই নতুনের শুরু। শীতের নির্জীবতা পেরিয়ে প্রকৃতি যেমন নতুন রঙে সেজে ওঠে, তেমনি এই উৎসব শিক্ষার্থীদের মনে নতুন স্বপ্ন দেখার শক্তি দেয়। সুমাইয়া শিমু নামে আরেক শিক্ষার্থী জানান, বসন্ত বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বন্ধুদের সঙ্গে এমন আয়োজন সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
ফুলবাড়ী সরকারি কলেজের বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, রসায়ন ও গণিত বিভাগসহ ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এই উৎসব বাস্তবায়িত হয়। শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, বসন্তের রঙ, গান ও ঐতিহ্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা জাগ্রত করাই এই উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন