ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৫০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। সোমবার দুপুরে উপজেলার তিনটি ইউনিয়নে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো সাতটি পরিবারের মাঝে তিনি ব্যক্তিগত ও সরকারি সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ ও টিন তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবীব সরকারের উপস্থিতিতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া সাতটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে পুনর্বাসনের লক্ষ্যে এক বান করে ঢেউ টিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে।
সহায়তা প্রদানকালে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতিটি বিপদে তিনি এবং বর্তমান সরকার সবসময় পাশে থাকবে। ভবিষ্যতে এসব পরিবারের আবাসন বা অন্য কোনো প্রয়োজন দেখা দিলে তা বাস্তবায়নেও প্রয়োজনীয় সব রকম সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তারা আরও জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সংসদ সদস্যের দিকনির্দেশনায় নিয়মিতভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিশেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দ্রুত সহায়তার জন্য সংসদ সদস্য ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন