সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

ওয়ার্ল্ড ভিশন ও যুব ফোরামের সমঝোতা স্মারক হস্তান্তর

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৩ পিএম

ওয়ার্ল্ড ভিশন ও যুব ফোরামের সমঝোতা স্মারক হস্তান্তর

সমঝোতা স্মারক হস্তান্তর অনুষ্ঠান :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে তারুণ্যের স্বপ্ন যুব সংগঠনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় যুব ফোরামের সদস্যদের সাথে এক মতবিনিময় ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ঈদগাহ আবাসিক এলাকাস্থ দিনাজপুর এপি অফিস হলরুমে এই সভাটি আয়োজিত হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সরকারি দপ্তর ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) হস্তান্তর প্রক্রিয়া।

তারুণ্যের স্বপ্ন যুব সংগঠন দিনাজপুরের সভাপতি মোঃ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাকসেদুর রহমান এবং দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। অনুষ্ঠানে বক্তারা তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে যুব সংগঠনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাম এবং টেকনিক্যাল স্পন্সরশীপ অফিসার দিপা রোজারিও। তারুণ্যের স্বপ্ন যুব সংগঠনের সহ-সভাপতি মোঃ আল মমিনের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক মোছাঃ রিফানা পারভীন সংগঠনের বিগত বছরগুলোর কার্যক্রম এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা তুলে ধরে একটি তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। সভাপতি মোঃ নাঈম তাঁর বক্তব্যে তারুণ্যের স্বপ্নকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সামাজিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়। দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাকসুদুর রহমানের হাতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক তুলে দেন সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। এই চুক্তির ফলে জেলার যুব উন্নয়নে সরকারি ও বেসরকারি সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। সভায় সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।