শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হলেন আলহাজ্ব আখতারুজ্জামান

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৭:২৯ পিএম

জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হলেন আলহাজ্ব আখতারুজ্জামান

সংসদের নতুন হুইপ।ছবি-দিনাজপুর টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। সোমবার (২ মার্চ) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২-এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য মোট ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন। 

এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন দিনাজপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। রাষ্ট্রপতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।আখতারুজ্জামান মিয়াকে সংসদের হুইপ নিযুক্ত করায় তাঁর নির্বাচনী এলাকা চিরিরবন্দর ও খানসামার সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। 

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে দিনাজপুর-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে সংসদীয় কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর অবদান রাখবেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। অভিজ্ঞ এই রাজনীতিবিদকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে মনোনীত করায় এলাকার ভোটার ও শুভানুধ্যায়ীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।