মোজাম্মেল হক
মার্চ ২, ২০২৬, ১১:২৪ পিএম
বক্তব্য রাখছেন এমপি।ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল সংসদীয় এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। সোমবার ২ মার্চ বিকেলে বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যৌথ উদ্যোগে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরপরই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
এই এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও টেন্ডারবাজির সুযোগ রাখা হবে না বলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আশ্বস্ত করে জানান, অল্প সময়ের মধ্যেই বীরগঞ্জ ও কাহারোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন ও সংস্কারের কাজ শুরু করা হবে।মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহাসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, সহ-সভাপতি মোহাম্মদ নবী ওয়াট এবং সদস্য সুবাস দাস। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।