মার্চ ৪, ২০২৬, ০৯:১৫ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এই পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
তিনি নিজ হাতে ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করে কার্যক্রমের শুভ সূচনা করেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এতিমখানা, কওমি মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে চাষের জন্য মাছের পোনা সরবরাহ করা হয়।পোনা মাছ অবমুক্তকরণকালে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা উপস্থিত ছিলেন।
এছাড়াও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাছের উৎপাদন বৃদ্ধি এবং আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে প্রতি বছরই রাজস্ব বাজেটের আওতায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবিস্তার ও স্থানীয় মৎস্যজীবীদের উৎসাহিত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী ও মৎস্যচাষিরাও অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন