মার্চ ৬, ২০২৬, ০৫:৪৭ পিএম
দিনাজপুরের বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে উপজেলার সব পয়েন্টে পণ্য লোড-আনলোড বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। বিকেলে বিরল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান (ভোলা) জানান, গত ৫ মার্চ বিকেলে শহরগ্রাম ইউনিয়নের খোদশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি আলুর গাড়ি লোড করার সময় শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রোস্তম আলী ও মো. সুমন আলীর কাছে কাজ করার বিনিময়ে চাঁদা দাবি করে একদল সন্ত্রাসী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় সংগঠনের পক্ষ থেকে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৩ থেকে ১৪ জনের বিরুদ্ধে বিরল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তবে অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসনের এই নির্লিপ্ততার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হচ্ছে।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে কাঁচামালবাহী যানবাহনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক জানান, মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে মাছ, মুরগি, ফলমূল ও প্রাণিখাদ্যের মতো জরুরি পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক নমনীয় সিদ্ধান্ত নেবেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ওয়াকুল ইসলামসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন