মার্চ ৮, ২০২৬, ০৪:০৮ পিএম
দিনাজপুরে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার (জেএসকেএস) উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে দিনাজপুর শিশু একাডেমি প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান। মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিস্টিয়ান এইড-এর অর্থায়নে এবং ডিওয়াইডি প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসকেএস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম এবং জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা।
এছাড়াও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম এবং এডাব-এর সদস্য সচিব মো. মোজাফ্ফর হোসেন। বক্তারা তাদের আলোচনায় নারী ও কন্যা শিশুর অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।সভায় বক্তারা উল্লেখ করেন যে, ৮ মার্চ কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, বরং এটি নারী ও কন্যা শিশুর অধিকার রক্ষা, সামাজিক সমতা এবং ক্ষমতায়নের সংগ্রামের স্বীকৃতি দেওয়ার দিন।
বিশেষ করে দলিত, আদিবাসী এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা যে বহুমুখী বৈষম্যের শিকার হন, তা দূর করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। তারা বলেন, লিঙ্গভিত্তিক বৈষম্যের পাশাপাশি জাতিগত ও সামাজিক প্রতিবন্ধকতা নারীদের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে। বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেএসকেএস-এর প্রতিনিধি মর্জিনা রুপা, সাইফুল আলম, লুৎফুল কবিরসহ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন, যেখানে নারী ও কন্যা শিশুরা সমান সুযোগ ও মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। পরিশেষে নারীর মানবাধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা প্রশংসিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন