মার্চ ১৫, ২০২৬, ০৫:৫৮ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকালকের (১৬ মার্চ) দিনাজপুর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ৯টায় দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার প্রধানমন্ত্রীর সফর চলাকালে দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সফলভাবে সম্পন্ন করতে প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ করে জনসমাবেশ স্থল এবং যাতায়াতের পথে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় কলাকৌশল ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কয়েকশ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন