রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৬, ০৭:২২ পিএম

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র ঈদ উপহার বিতরণ

জিটিসি’র ঈদ উপহার বিতরণ -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে খনির সাবেক দুস্থ ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ বস্ত্র, উপহার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছে। রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় খনি গেট সংলগ্ন ‍‍`জিটিসি চ্যারিটি হোম‍‍`-এ এই সহায়তা প্রদান করা হয়।

জিটিসি’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে খনি শ্রমিক পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন। 

উল্লেখ্য, মধ্যপাড়া পাথর খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত একমাত্র দেশীয় মাইনিং কোম্পানি জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানির যৌথ এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে খনি এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় আর্থিক সহায়তা এবং নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সহায়তা নিতে আসা সাবেক খনি শ্রমিকের স্ত্রী রোখসানা বেগম আবেগপ্লুত হয়ে বলেন, "আমার স্বামী মারা যাওয়ার পর আমি তিন সন্তান নিয়ে পথে বসেছিলাম। সেই সময় জিটিসি আমাদের পাশে দাঁড়ায়। এখন আমার সন্তানদের পড়াশোনার জন্য তারা মাসিক উপবৃত্তি দিচ্ছে এবং প্রতি ঈদে ও রমজানে খাবার ও নগদ টাকা দিয়ে আমাদের আগলে রাখছে।" আরেক উপকারভোগী মো. রোকন জানান, তাঁর বাবার মৃত্যুর পর জিটিসি কেবল আর্থিক সহায়তাই দেয়নি, বরং তাঁর পরিবারের একজনকে খনিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছে।

জিটিসি চ্যারিটি হোম সূত্রে জানা গেছে, মানবিক এই কার্যক্রমের আওতায় বর্তমানে ৫২ জন উচ্চশিক্ষারত শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়াও সপ্তাহে ৫ দিন একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। খনি এলাকায় এই ধরণের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।