মার্চ ১৭, ২০২৬, ০২:২২ পিএম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। রমজানের শেষ প্রান্তে এসে পুরো উপজেলা যেন উৎসবের নগরীতে রূপ নিয়েছে। আনন্দ আর উচ্ছ্বাসকে ঘিরে উপজেলার বিভিন্ন বাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচার ব্যস্ততা।উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র খানসামা বাজার ও পাকেরহাট এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকান ও অস্থায়ী স্টলগুলোতে মানুষের ঢল নেমেছে।
বিশেষ করে পোশাক, জুতা, কসমেটিকস, টুপি, আতর এবং শিশুদের খেলনার দোকানগুলোতে পা ফেলার জায়গা নেই। নারীদের শাড়ি ও থ্রি-পিস এবং শিশুদের রঙিন পোশাকের প্রতি ক্রেতাদের আলাদা আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে।
বাজারে কেনাকাটা করতে আসা লায়লা নামে এক নারী ক্রেতা জানান, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তবুও ঈদের আনন্দ বজায় রাখতে এবং প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে বাড়তি খরচ করেই কেনাকাটা করতে হচ্ছে। আরেক ক্রেতা আমির উদ্দিন বলেন, বাজার পরিস্থিতি মোটামুটি সহনীয় হলেও দাম কিছুটা কম হলে সাধারণ মানুষের জন্য আরও স্বস্তি হতো।
অনেক মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ পরিবারের ছোটদের চাহিদা পূরণকে অগ্রাধিকার দিচ্ছেন। আইনুল ইসলাম নামে এক ক্রেতা জানান, নিত্যপণ্যের দাম বাড়লেও উৎসবের কথা ভেবে সাধ্যমতো কেনাকাটা করছেন সবাই।ব্যবসায়ীরাও এবারের বেচাকেনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। খানসামা বাজারের পোশাক ব্যবসায়ী গোলাম কিবরিয়া জানান, ঈদ উপলক্ষে মাসখানেক আগেই তারা নতুন কালেকশন তুলেছেন। শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবির চাহিদা এখন তুঙ্গে।
পাকেরহাটের ব্যবসায়ী মেহেদী হাসান চৌধুরী জানান, তরুণদের মধ্যে নতুন ডিজাইনের শার্ট ও জিন্স প্যান্টের কদর বেশি। পোশাকের পাশাপাশি মাছ-মাংস, সেমাই, চিনি ও দুধের দোকানেও ভিড় বেড়েছে। তবে কিছু ক্রেতা অভিযোগ করেছেন, কোনো কোনো স্থানে অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা চলছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছে স্থানীয় পুলিশ। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত অত্যন্ত স্বাভাবিক ও শান্ত রয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারেন, সেজন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, পবিত্র ঈদ উপলক্ষে মানুষ তাদের সাধ্যমতো কেনাকাটা করছে। বাজার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের নজরদারি নিয়মিত পরিচালনা করা হচ্ছে। সব মিলিয়ে আনন্দ আর প্রত্যাশার মধ্য দিয়ে খানসামার ঈদ বাজার উৎসবমুখর হয়ে উঠেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন