মার্চ ১৭, ২০২৬, ০৭:৩৩ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলার ঘাটপাড় এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় হাতেম এর চাতাল প্রাঙ্গণে মানবকল্যাণ যুব ফাউন্ডেশন, দিনাজপুর-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় আলেম-উলামা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এক সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির জনাব মোঃ ক্বারী আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জনাব মোঃ শরিফুল ইসলাম প্রধান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটপাড় জামে মসজিদের খতিব ক্বারী মোঃ তৈয়বুর রহমান, ঘাটিয়াপাড়া জামে মসজিদের খতিব মুফতি শামীম ইসলাম এবং উত্তরপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ মেহেদী হাসান। তারা সকলেই মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মানবকল্যাণ যুব ফাউন্ডেশন, দিনাজপুর-এর সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জনাব মোঃ ওমর ফারুক। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে সমাজের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় তরুণ সমাজকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন যে, সামাজিক দায়বদ্ধতা থেকে এই ধরনের যুব সংগঠনগুলো যদি প্রান্তিক মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তারা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।ইফতারের ঠিক আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে অসহায় মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ইফতার বিতরণের পর উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন