মার্চ ১৯, ২০২৬, ০৫:২২ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে সরকারি মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত ১৬ মার্চ রাতে আকস্মিক ও ভয়াবহ শিলাবৃষ্টিতে ঘোড়াঘাটের চারটি ইউনিয়ন ও পৌরসভার ঘরবাড়ি এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ত্রাণ বিতরণকালে মন্ত্রী জানান, দুর্যোগের খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় মাত্র তিন দিনের মাথায় প্রাথমিক তালিকা অনুযায়ী চাল ও নগদ টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, ঈদের ছুটির পর তালিকার বাইরে থাকা অবশিষ্ট ব্যক্তিদেরও পর্যায়ক্রমে সহায়তার আওতায় আনা হবে। কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হবে না বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।
বক্তব্যে ডা. জাহিদ হোসেন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সমাজে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি বা অরাজকতা বরদাশত করা হবে না। বিশেষ করে নারী নির্যাতনের ঘটনায় কোনো আপস করা হবে না এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সাধারণ বিরোধগুলো মুরুব্বিদের মাধ্যমে সামাজিকভাবে নিষ্পত্তির পরামর্শ দিলেও ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আইন নিজের হাতে না নেওয়ার নির্দেশ দেন তিনি।
সরকারের সাম্প্রতিক সফল কার্যক্রম তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এ ছাড়া ফ্যামিলি কার্ডের সুবিধা বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন