রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অসহায় ও দরিদ্রদের মাঝে মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৬, ০৮:০৬ পিএম

অসহায় ও দরিদ্রদের মাঝে মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

অসহায়দের ঈদ উপহার প্রদান -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ‘মানবকল্যাণ যুব ফাউন্ডেশন, দিনাজপুর’-এর উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। 

আসন্ন উৎসবের আনন্দ সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।এই বিতরণ কর্মসূচিতে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ যুব ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি মো. আমিনুল ইসলাম। 

তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এবং মানবতার সেবায় তারা নিয়মিত এ ধরনের কাজ করে আসছেন। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লিশান ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শুভ ইসলাম এবং কার্যকরী সদস্য মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। 

সংগঠনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রতিটি বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত তাদের চারপাশের দুস্থ প্রতিবেশী ও অসহায়দের সহায়তায় এগিয়ে আসা। ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা, আর এই উদ্দেশ্য সফল করতেই তারা ক্ষুদ্র এই প্রয়াস চালিয়েছেন। 

যারা বুদ্ধি, পরামর্শ ও আর্থিকভাবে এই মহতী কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, আগামীদিনেও মানবতার সেবায় তাদের এই কার্যক্রম বীরগঞ্জসহ জেলার বিভিন্ন প্রান্তে অব্যাহত থাকবে। স্থানীয় সাধারণ মানুষেরা এই ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন।