মার্চ ২৫, ২০২৬, ০৬:২৫ পিএম
জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দিনাজপুর জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় খেলোয়াড় ও কর্মকর্তাদের জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৩টায় আরজে লাইভ বেকারি অ্যান্ড সুইস বাইটস-এর আয়োজনে এবং দিনাজপুর সদর সমিতি ঢাকার সহযোগিতায় শহরের গণেশতলার একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নতুন প্রজন্মকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় পর্যায়ে দিনাজপুরের এই সাফল্য পুরো জেলার জন্য অত্যন্ত গৌরবের।
ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সংগঠক ও খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি এই খাতের উন্নয়নে কাজ করতে আগ্রহী এবং সকলের সহযোগিতা পেলে দিনাজপুরের ক্রীড়াজগতকে দেশের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল।
তিনি বলেন, এই সাফল্য প্রকৃত সংগঠক, খেলোয়াড় ও প্রশিক্ষকদের সমন্বিত উদ্যোগের ফসল। ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ফুটবল খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন এবং অ্যাসোসিয়েশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আর্থিক সহায়তার ঘোষণা দেন।
সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা দলের ম্যানেজার মাসুদ রানা, কোচ শামীম আহমেদ, সাংবাদিক ও দিনাজপুর সদর সমিতি ঢাকার কর্মকর্তা হুমায়ুন চিশতী এবং আরজে বেকারির স্বত্বাধিকারী জুয়েল ও রাসেল। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল এবং উপহার সামগ্রী তুলে দেন। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের ক্রীড়াবিদদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও প্রাণের সঞ্চার হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন