মার্চ ২৭, ২০২৬, ০৩:০৮ পিএম
দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শশরা কাশিপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি ও লুঙ্গি স্থানীয় গরিব, দুঃখী এবং দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল।
শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডালটন, সাধারণ সম্পাদক আব্দুল বারি এবং শশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এ ছাড়াও কোতোয়ালি বিএনপির কোষাধ্যক্ষ আইনুল হকসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিতরণ কার্যক্রম চলাকালে ৫ নম্বর শশরা ইউনিয়নের কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বাস্তুহারা দলের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম সমাজের অসহায় মানুষের ঈদের আনন্দকে দ্বিগুণ করবে।
তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। উপস্থিত বক্তারা মনে করেন, এ ধরনের উদ্যোগের ফলে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ঈদ সামগ্রী পেয়ে স্থানীয় দুস্থ বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন