রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৪২ বিজিবির অভিযানে বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার

আতিউর রহমান

মার্চ ২৭, ২০২৬, ০৬:৫৮ পিএম

৪২ বিজিবির অভিযানে বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার

বিজিবির মাদক উদ্ধার। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার করা হয়েছে। ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের এনায়েতপুর বিওপি’র একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযানটি পরিচালনা করে। 

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী শালবাগান নামক স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল দেশি মদ জব্দ করে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এই মাদকের বাজার মূল্য আনুমানিক ত্রিশ হাজার তিনশত টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিজিবি আরও জানায় যে উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। একই সঙ্গে এই মাদক ব্যবসার সাথে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই অভিযানের বিষয়ে বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। 

ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান সীমান্ত এলাকায় অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সীমান্তের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চোরাচালান, মাদক, মানব পাচার ও অস্ত্র পাচারের মতো আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এই ধরনের নিয়মিত অভিযান ও সাফল্য স্থানীয় মানুষের মাঝে প্রশংসিত হচ্ছে। সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি’র কড়া নজরদারি বজায় রয়েছে।