রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধর্মে কোনো ভেদাভেদ নেই,সবার রক্তের রং লাল : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৮, ২০২৬, ১১:৪৩ এএম

ধর্মে কোনো ভেদাভেদ নেই,সবার রক্তের রং লাল : সমাজকল্যাণমন্ত্রী

হাকিমপুরে বক্তব্যে মন্ত্রী ডা. জাহিদ। ছবি-দিনাজপুর টিভি

সবার রক্তের রং লাল এবং ধর্মে কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাতে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার চন্ডীপুর সার্বজনীন মন্দিরে আয়োজিত হরিবাসর বা ধর্মসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, মানুষ হিসেবে আমাদের পরিচয় এক, আমরা সবাই লাল রক্তের মানুষ। সনাতন, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন, পরকালেও সবাইকে একাই ফিরে যেতে হবে। তাই নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন যে, এই দেশ আমাদের সবার এবং এখানে প্রত্যেকের সমান অধিকার বিদ্যমান। তারেক রহমানের আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

মন্ত্রী তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের পাশে থাকার, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকার চারটি থানার আওতাধীন সব মসজিদ, মন্দির, গির্জা, ঈদগাহ মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলার এসব প্রতিষ্ঠানের তালিকা তৈরির প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এর আগে মন্ত্রী ও তার সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাদের ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। পরে তিনি হরিবাসরের কীর্তন শোনেন এবং উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।