মার্চ ২৮, ২০২৬, ০৩:১৮ পিএম
দিনাজপুরে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জিলা স্কুল-২০০১ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসুস্থ শিক্ষার্থী মো. মানিক রতনের সুচিকিৎসার জন্য ৯২ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ‘সহমর্মিতার হাত বাড়াই ভালোবাসার টানে’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়।
জিলা স্কুলের ২০০১ ব্যাচের এই মানবিক উদ্যোগটি স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।দিনাজপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আতিয়ার রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রামিম ইবনে নূর।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ পারস্পরিক মানবিক ও পারিবারিক বন্ধন থেকে দূরে সরে যাচ্ছে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি, তা রক্ষা করা জরুরি। এই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠনগুলোও আগামীতে আর্তমানবতার সেবায় এগিয়ে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা, সাংগঠনিক সম্পাদক অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাস্বের হোসেন রিকু, সমীকরণের সম্পাদক মো. রুবায়াত মীর শহীদ, সাহিত্য ও গবেষণা সম্পাদক দারা আব্দুস সাত্তার এবং শিক্ষা সম্পাদক সাজেদুর ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী তৈহিদ আরবান ও প্রকৌশলী আব্দুল্লাহ আল হাদী। অনুদান গ্রহণকালে অসুস্থ শিক্ষার্থী মানিক রতন আবেগপ্লুত হয়ে বলেন, ফাউন্ডেশনের এই সহযোগিতা তার চিকিৎসার জন্য এক বড় অবলম্বন এবং এটি মানবতার এক অনন্য উদাহরণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মোফিজার রহমান। এ সময় জিলা স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন