মার্চ ২৮, ২০২৬, ০৩:২৩ পিএম
দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের অস্থায়ী কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সভা ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোকাররম হোসেনের সভাপতিত্বে সভার প্রথম পর্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। একইসঙ্গে সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান।
উপস্থাপিত প্রতিবেদন দুটির ওপর সভায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সংগঠনের আজীবন সদস্য ডা. মো. হাফিজ উদ্দিন ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নুর ইসলাম তুষার, মো. আলমগীর হোসেন, ফজলে রাব্বি ও ডা. রইছ উদ্দীন আহমেদ।
আলোচনা শেষে উপস্থিত সাধারণ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে বার্ষিক ও আর্থিক প্রতিবেদন দুটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। এর আগে সভার শুরুতে গত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী চৌধুরী। এছাড়া সংগঠনের যেসব সদস্য ইতিপূর্বে পরলোকগমন করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মো. ফসিউদ্দিন আহমেদ।সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার শাহ-ই-মবিন জিন্নাহ এবং সহকারী নির্বাচন কমিশনার রুহুল আমিন, কামরুল হাসান চৌধুরী, সুলেখা বেগম ও মনোয়ারা বেগম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রতিটি পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সভাপতি পদে ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী এবং সাধারণ সম্পাদক পদে এ কে এম মেহেরুল্লাহ বাদলসহ মোট ১৯ জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ কে এম মেহেরুল্লাহ বাদল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের অফিস সচিব মো. তোজাম্মেল হক। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর জেলার প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন